| শিরোনাম |
যশোরের রাজনীতিতে একসময়ের প্রভাবশালী নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। ‘যশোর উন্নয়নের কারিগর’ হিসেবে পরিচিত এই বর্ষীয়ান নেতাকে স্মরণ করে কবর জিয়ারত, কুরআন খতম, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা গোরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারের মধ্য দিয়ে জেলা বিএনপির কর্মসূচি শুরু হয়। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কবর জিয়ারত শেষে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে সেখানে কুরআন খতমের আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী এবং তরিকুল ইসলামের বড় ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত।
দোয়া মাহফিল শেষে জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তাসবিহ বিতরণ করা হয়।
অন্যদিকে, দুপুর ১২টায় যশোর জিলা স্কুলসংলগ্ন বটতলা মোড়ে নগরীর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং নগর বিএনপির অন্যান্য নেতারা।
কর্মসূচিতে বক্তারা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া যশোর সদরসহ জেলার আটটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।