সোমবার , ৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মাগুরায় ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে বিরোধে যুবদল নেতা শাকের খুন, গুলি করে ভাড়াটে কিলার
প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০৪:১৩:০০ পিএম
মাগুরা প্রতিনিধি:
Shornolota_2026-11-04_6aeb184873007.JPG

❒ মাগুরা পুলিশ পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ছবি:

মাগুরায় বাস থামিয়ে সোনা ডাকাতি করে যুবদলসহ অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী।  সেই লুটের সোনা ভাগাভাগি নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে সংশ্লিষ্টরা।  তার জেরে ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার পরিকল্পনা ও নির্দিষ্ট সময় তা বাস্তবায়ন করা হয়। মাগুরার আলোচিত এ হত্যাকাণ্ড ও স্বর্ণ ডাকাতির রহস্য উদ্‌ঘাটন করেছে জেলা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান। এ সময় ডাকাতি ও হত্যা মামলার তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে পুলিশ পরিচয়ে ডাকাতি করা হয়। এ সময় মানিকগঞ্জের মজিবর রহমানের কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার লুট করে নেয় চক্রটি। ডাকাতিতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেন ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেনসহ ১২ থেকে ১৫ জন অংশ নেন বলে তদন্তে উঠে এসেছে।

লুট করা স্বর্ণের ভাগাভাগি নিয়ে মারুফ হোসেনের সঙ্গে শাকেরের বিরোধ তৈরি হয়। এর জের ধরে ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিতে নিহত হন শাকের। পুলিশ জানায়, মারুফ হোসেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম জাহিদের মাধ্যমে ২০ লাখ টাকার চুক্তিতে ভাড়াটে খুনি নিয়োগ করে এ হত্যাকাণ্ড ঘটান।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে রনি শিকদার, শামীমা তাবাসসুম, অনিমেষ মজুমদার, মারুফ হোসেন, গোলাম জাহিদ ও বশির আলীকে আটক করা হয়েছে। অন্যদিকে স্বর্ণ ডাকাতির মামলায় জুয়েল হোসেন, তৌকির আহমেদ, ফরিদ মণ্ডল, মিল্টন ও তাঁর স্ত্রী মারুফা খাতুনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার জানান, দুই মামলার তদন্তে এখন পর্যন্ত মোট ১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলির আলামতও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, দুই মামলার তদন্তে ডাকাতি ও হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝