বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম সৌদিতে মাদকসহ ৫ বাংলাদেশি গ্রেফতার শ্রীলঙ্কাকে চার গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ যশোরে রঞ্জন মণ্ডল হত্যায় দুই আসামি ৩দিনের রিমাণ্ডে বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে রাজস্ব ফাঁকির অভিযোগ, আটক ৭ ভারতীয় মুচলেকায় মুক্ত বেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ভারতে গেলেন ১০৮ সনাতন ধর্মাবলম্বী যশোরে একদিনে ২৯ জনসহ ১০ জেলায় গ্রেপ্তার ২২০ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক এক চিকিৎসকসহহ দু’জনের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর বার্তা কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, বিচার না হলে ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা যশোরে শীতের আগমনী বৃষ্টি, সন্ধ্যায় ভারী বর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ খানি ও প্রাণের যৌথ গবেষণা প্রতিবেদন

সাতক্ষিয়ায় জলবায়ু বাস্তুচ্যুত ৭৫ শতাংশ পরিবার তীব্র খাদ্যসংকটে
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ০৮:৪১:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-11-03_6ae9f2c21157d.JPG

ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে সাতক্ষিয়ায় আশ্রয় নেওয়া জলবায়ু বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রায় ৭৫ শতাংশ তীব্র খাদ্যসংকটে রয়েছে। এসব পরিবারের ৯০ দশমিক ৮ শতাংশের ঘরে খাবারের কোনো মজুত নেই। শুধু খাবার নয়, নিরাপদ পানি, চিকিৎসা, বাসস্থান ও কর্মসংস্থানের সংকটেও বিপর্যস্ত তারা। এর মধ্যে সরকারি জমিতে বসবাসকারী ৫৯ শতাংশ পরিবার রয়েছে উচ্ছেদ বা উচ্ছেদের হুমকিতে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের (প্রাণ) যৌথ গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়।

২০২৬ সালের আগস্টজুড়ে সাতক্ষীরা পৌরসভার ৩৫টি অনানুষ্ঠানিক বসতির ৩৫৮টি পরিবারের ১ হাজার ৩৪১ জন সদস্যের ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। এতে দেখা গেছে, ৭৪ দশমিক ৯ শতাংশ পরিবার তীব্র এবং ২৩ দশমিক ২ শতাংশ মাঝারি খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। খাদ্যনিরাপদ অবস্থায় পাওয়া যায়নি একটি পরিবারও।

খাবার জোগাড় করতে ৫৭ দশমিক ৩ শতাংশ পরিবার উৎপাদনশীল সম্পদ বা ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেছে। আর ৯৫ দশমিক ২ শতাংশ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা শিশুদের খাবার জোগাতে নিজেরা কম খেয়েছেন। খাদ্যসংকটের প্রধান কারণ হিসেবে অর্থসংকট ও খাদ্যের উচ্চমূল্যের কথা জানিয়েছে যথাক্রমে ৯৯ দশমিক ৪ ও ৭৮ দশমিক ৫ শতাংশ পরিবার।

নিরাপদ পানির সংকটও প্রকট। ৯৬ দশমিক ৯ শতাংশ পরিবার অন্তত আংশিকভাবে লবণাক্ত ও আয়রনযুক্ত অগভীর নলকূপের পানির ওপর নির্ভরশীল। গত এক মাসে অর্ধেক পরিবারের অন্তত একজন সদস্য পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৫২ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক চিকিৎসা পাননি।

গবেষণায় আরও দেখা গেছে, গত ১২ মাসে ৭৭ দশমিক ১ শতাংশ পরিবারের ঘরে পানি উঠেছে। বাস্তুচ্যুতির সময় ৯২ দশমিক ৭ শতাংশ পরিবার গবাদিপশু বা হাঁস-মুরগি হারিয়েছে। বাস্তুচ্যুতির আগের তুলনায় ৪৬ দশমিক ৩ শতাংশ মানুষের আয় কমেছে। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রয়েছে মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পরিবার। গত এক বছরে ৭৯ দশমিক ১ শতাংশ পরিবার সরকারি বা বেসরকারি কোনো সহায়তাই পায়নি।

শিক্ষার ক্ষেত্রেও সংকট স্পষ্ট। ৬ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের ৩৩ দশমিক ২ শতাংশ বিদ্যালয়ের বাইরে। বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের ৩০ শতাংশ শিশুশ্রমে যুক্ত।

গবেষণায় বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার ৪৭টি বসতিতে আনুমানিক ৭ হাজার ৫৭৩টি জলবায়ু বাস্তুচ্যুত পরিবার রয়েছে। স্থানীয় প্রশাসনের ভাষ্য, বর্তমানে এ সংখ্যা আরও বেশি।

গবেষণার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বাস্তুচ্যুতি শুধু ঘরবাড়ি বা সম্পদ হারানোর ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিচয় ও ঠিকানার সংকট, জীবিকা হারানো, শিশুদের শিক্ষাবঞ্চিত হওয়া এবং দীর্ঘ অনিশ্চয়তা। তাই জরুরি খাদ্যসহায়তার পাশাপাশি স্থায়ী আবাসন, নিরাপদ পানি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছেন তাঁরা।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের অবস্থানে জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার, খাদ্যনিরাপত্তা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের বিষয়গুলো গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে খানি ও প্রাণ।

সংবাদ সম্মেলনে খানি বাংলাদেশের সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা, সিইপিআরের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ নন্দী, সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝