| শিরোনাম |
❒ ১২ কেজি সিলিন্ডার গ্রাহকের হাত পর্যন্ত পৌঁছাতে বেড়ে যায় ২/৩শ টাকা
❒ সংগ্রহীত ছবি:
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন সবচেয়ে বেশি বাংলাদেশে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ দামে গ্যাস কিনতে হচ্ছে অনেক ক্ষেত্রে। এর ওপর সরকারি নির্ধারিত দামের চেয়েও ২০০ থেকে ৩০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে হোম ডেলিভারি বিক্রেতাদের বিরুদ্ধে। ফলে রান্নার গ্যাস কিনতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়ছেন সাধারণ গ্রাহকরা।
সর্বশেষ সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। নভেম্বর মাসের জন্য ঘোষিত এ নতুন মূল্য কার্যকর হয়েছে।
মূল্যতথ্য ও বিনিময় হার অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের এলপিজির দাম সর্বোচ্চ। পাকিস্তানে ১২ কেজি সিলিন্ডারের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৮৮ টাকা। শ্রীলঙ্কা ও নেপালে একই পরিমাণ গ্যাসের দাম প্রায় ১ হাজার ৩৯২ টাকা। ভারতে ১২ কেজি সিলিন্ডারের দাম প্রায় ১ হাজার ৮৮ টাকা। অঞ্চলভেদে ভারতে দামের কিছুটা তারতম্য রয়েছে।
অন্যদিকে বাংলাদেশে বেসরকারি কোম্পানির ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা। সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দামও ১ হাজার ৮৬০ টাকা।
শুধু নির্ধারিত দামই নয়, বাস্তবে সিলিন্ডার কিনতে গিয়ে গ্রাহকদের আরও বেশি টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বাসাবাড়িতে হোম ডেলিভারির ক্ষেত্রে সরকারি নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে ভোক্তাদের অভিযোগ। এতে নির্ধারিত মূল্য আর গ্রাহকের প্রকৃত ব্যয়ের মধ্যে তৈরি হচ্ছে বড় ব্যবধান।
এলপিজির দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি), ডলারের বিনিময় হার এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন ব্যয় বিবেচনা করে বিইআরসি। তবে দাম নির্ধারণের পরও খুচরা বাজারে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ থাকায় মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি দাম, তার সঙ্গে ডেলিভারির বাড়তি খরচ—সব মিলিয়ে রান্নার গ্যাস এখন বাংলাদেশের সাধারণ পরিবারের জন্য বড় ব্যয়ের খাতে পরিণত হয়েছে।