| শিরোনাম |
❒ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্যকর তথ্য
❒ সেই রাতে সাউরি-দীপের সঙ্গে থাকা তরুণী দিশা রিমাণ্ডে ছবি:
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় গ্রেফতার তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে দিশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল নৌ পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে ১৯ বছর বয়সী দিশাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমে তার নাম প্রকাশের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাহসিফের সঙ্গে দিশার একাধিক স্থানে যাতায়াতের তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তারা উত্তরা এলাকার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে একাধিকবার যান। পরে নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারেও তাদের অবস্থানের তথ্য পাওয়া যায়। একটি মোটরসাইকেল গ্যারেজেও তাহসিফের সঙ্গে দিশাকে দেখা গেছে।
সিসিটিভি ফুটেজের বরাতে জানা গেছে, ওই রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ, দিশা ও তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান। ফুটেজে তাদের একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ এবং পরে লিফট ব্যবহার করতে দেখা যায়। রাত ১১টা ৫১ মিনিটে তিনজনকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তারা মোটরসাইকেলে করে রেস্টুরেন্টে আসেন এবং পরে সেখান থেকে চলে যান।
তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তাহসিফের মুঠোফোনের কললিস্টেও দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মামলায় আগে গ্রেফতার হওয়া দীপের সঙ্গে দিশার বক্তব্যের মিল-অমিল যাচাই করা প্রয়োজন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অন্য জড়িতদের শনাক্ত, আলামত উদ্ধার এবং ঘটনার স্থান নির্ধারণে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পর প্রথমে দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে দীপের দেওয়া বক্তব্যে অসংগতি পাওয়া যায় বলে সূত্রের দাবি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করেন তদন্তকারীরা।
গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরিবারের দাবি, ওই রাতে বন্ধু দীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন তিনি। পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানাধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হত্যা মামলা করেন। মামলায় গ্রেফতার দীপ বর্তমানে চার দিনের রিমান্ডে নৌ পুলিশের হেফাজতে রয়েছেন। দিশার চার দিনের রিমান্ডের মধ্য দিয়ে তদন্তে নতুন তথ্য বেরিয়ে আসে কি না, এখন সেদিকেই নজর তদন্তসংশ্লিষ্টদের।