| শিরোনাম |
❒ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রীর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গঠনের প্রেরণা হয়ে থাকবে। তিনি গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) যশোরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মতবিনিময় সভার পাশাপাশি পৃথকভাবে র্যালি করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সন্ধ্যায় বিএনপির উদ্যোগে টাউনহল মাঠে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে।
সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ‘গণতন্ত্রের জন্য লড়ি, নতুন বাংলাদেশ গড়ি’ স্লোগানে মুখর হয়ে ওঠে যশোর।
মিছিল শেষে বকুলতলায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা মিজানুর রহমান খান, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সংহতি প্রকাশ এবং তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে দিবসটি উপলক্ষে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথকভাবে র্যালি বের করে। দিনব্যাপী কর্মসূচিতে যশোরবাসীর ব্যাপক অংশগ্রহণে শহরজুড়ে ছিল উৎসব ও শ্রদ্ধার আবহ।
সন্ধ্যায় যশোর টাউনহল মাঠে বিএনপির উদ্যোগে আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মিলা, শফিক তুহিন, আয়েশা মৌসুমী, মিজানসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা। আয়োজকদের দাবি, তরুণ প্রজন্মের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন।