বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বেনাপোলে এলো ৪০ টন ভারতীয় কাঁচা মরিচ

❒ আমদানি ব্যয় কেজিপ্রতি প্রায় ৭৮ টাকা, দেশের বাজারে দাম কমার প্রত্যাশা

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট , ২০২৬, ০৫:১৭:০০ পিএম
বেনাপোল সংবাদদাতা:
Shornolota_2026-08-04_6a71f4efc8020.JPG

❒ বেনাপোলে এলো ৪০ টন ভারতীয় কাঁচা মরিচ ছবি:

অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে কাঁচা মরিচ এসেছে প্রায় ৪০ টন। কাঁচা মরিচের প্রথম চালানটি সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

চালানটিতে ভারতীয় ট্রাকে ৯ হাজার ২০০ কেজি কাঁচা মরিচ ছিল বলে কাস্টমস কর্তৃপক্ষ জানায়। বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর রাতেই আমদানিকৃত কাঁচা মরিচের চালানটি ঢাকায় পাঠানো হয়। এ চালানের আমদানিকারক শিমু এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে খালাস কার্যক্রমে সহযোগিতা করে সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়। সীমান্তের ওপারে আরও কয়েক ট্রাক কাঁচা মরিচ নিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার দুপুরের পর ভারতীয় দুই ট্রাকে ২৯ টন কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ-বিশেষ করে নাসিক থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন এবং সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হয়েছে। আমদানি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, প্রতি টন কাঁচা মরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ প্রতি কেজির মূল্য প্রায় ২৪ টাকা। এর সঙ্গে সরকারকে কেজিপ্রতি প্রায় ৪৫ টাকা শুল্ক দিতে হচ্ছে। সে হিসাবে আমদানি ব্যয় কেজিপ্রতি প্রায় ৭৮ টাকা হওয়ার কথা। তবে আমদানিকারকদের দাবি, পরিবহন, কাস্টমস, বন্দর, খালাসসহ অন্যান্য খরচ যোগ হওয়ায় প্রকৃত ব্যয় আরও বেড়ে যাচ্ছে।

উল্লেখ্য, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এই আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝