| শিরোনাম |
❒ ফাইল ছবি:
প্রেসক্লাব যশোরের নির্বাচন এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। সংগঠনটি বর্তমান কমিটির মেয়াদ একতরফাভাবে বাড়ানোর উদ্যোগ প্রত্যাখ্যান করার পাশাপাশি আগামী ৩ আগস্ট আহূত বিশেষ সাধারণ সভা বয়কটের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত জেইউজের এক বিশেষ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ আগস্ট প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হচ্ছে। গঠনতন্ত্রে মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকলেও বর্তমানে দেশে কিংবা প্রেসক্লাবে এমন কোনো সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়নি, যা এ ধরনের সিদ্ধান্তকে যৌক্তিক করে তোলে। ফলে ৬ আগস্টের পর বর্তমান কমিটিকে বহাল রেখে পরিচালিত যেকোনো কার্যক্রম অবৈধ বলে গণ্য হবে বলে সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
জেইউজের নেতারা মনে করেন, আগামী ৩ আগস্ট আহূত বিশেষ সাধারণ সভার মূল উদ্দেশ্য বর্তমান কমিটির মেয়াদ দীর্ঘায়িত করা। এ ধরনের উদ্যোগ পেশাদার সাংবাদিক সমাজ মেনে নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া নির্ধারিত সময়ে প্রেসক্লাবের নির্বাচন আয়োজন না করা এবং যোগ্য সাংবাদিকদের সদস্যপদ প্রদানে দীর্ঘসূত্রতার সমালোচনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সাংবাদিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে বলা হয়, ৬ আগস্টের পর প্রেসক্লাবের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার সাধারণ সদস্যদের হাতেই থাকবে। নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে কোনো সিদ্ধান্ত বা কার্যক্রম গ্রহণ করা হলে তার দায়ভার বর্তমান কার্যনির্বাহী কমিটিকেই বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
জেইউজের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সদস্য বেনজীন খান, আহসান কবীর, নূর ইসলাম, সরোয়ার হোসেন, তৌহিদ জামান, সাইফুর রহমান সাইফ, শেখ আব্দুল্লাহ হুসাইন ও এস এম সোহেলসহ অন্যান্য নেতারা। প্রেসবিজ্ঞপ্তি