| শিরোনাম |
❒ বিশ্বকাপ ফাইনাল খেলা উপভোগে যবিপ্রবিতে ৪টি বড় পর্দা ছবি:
ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াই ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে। হাজারো শিক্ষার্থীকে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের দুটি স্থানে চারটি বড় পর্দায় ফাইনাল ম্যাচ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কেন্দ্রীয় মসজিদের সামনের খোলা স্থানে দুটি বড় পর্দা স্থাপন করা হয়েছে। পর্দাগুলো এমনভাবে বসানো হয়েছে, যাতে প্রধান ফটকসংলগ্ন সড়ক ও তাপসী রাবেয়া হলসংলগ্ন এলাকা থেকেও শিক্ষার্থীরা নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন।
এ ছাড়া কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনেও আরও দুটি বড় পর্দা বসানো হয়েছে। এখান থেকে জগদীশ চন্দ্র একাডেমিক ভবনসংলগ্ন এলাকা এবং আশপাশের শিক্ষার্থীরাও খেলা দেখতে পারবেন।
বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি চারটি আবাসিক হলেও ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদ হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনে হয়তো এটিই আমাদের শেষ ফুটবল বিশ্বকাপ। প্রশাসনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বন্ধু, সহপাঠী ও সিনিয়রদের সঙ্গে হাজারো শিক্ষার্থীর সম্মিলিত উল্লাসে বড় পর্দায় খেলা দেখার আনন্দই আলাদা।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ হামিদুর রহমান বলেন, "শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত স্থানে চারটি বড় পর্দায় খেলা দেখানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকলে জিমনেশিয়ামে খেলা দেখার ব্যবস্থা থাকবে। তবে সেখানে ভেন্টিলেশন কম থাকায় আমরা চাই শিক্ষার্থীরা উন্মুক্ত স্থানেই খেলা উপভোগ করুন। কেবল বৃষ্টি হলে জিমনেশিয়াম ব্যবহার করা হবে।"
তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টোরিয়াল টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।"
আজ (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৫ মিনিটে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনাল ঘিরে ক্যাম্পাসজুড়ে ইতোমধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয় দলের জার্সি পরে অনেক শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন।