| শিরোনাম |
❒ যশোরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল, স্পিরিট ও কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ ছবি:
যশোরের বিভিন্ন এলাকায় পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা, ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট এবং ২০ বোতল উইংস (WINGS) কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সকালে কোতোয়ালি থানার বাহাদুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়ন হোসেন (২৩)-এর বাড়ি থেকে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় রেজাউল ইসলাম (৪০)-এর বাড়িতে অভিযান চালিয়ে ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধারসহ তাকেও গ্রেপ্তার করা হয়। এ দুই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌগাছা থানার দশপাখিয়া পুলিশ ক্যাম্পের এসআই বায়েজীদ মোল্লার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পাশাপোল গ্রামের আমজামতলা বাজার এলাকা থেকে ইমরান হোসেন (৩০) ও জুয়েল বিশ্বাস (৩৬)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক এক অভিযানে শার্শা উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়া এলাকা থেকে ২০ বোতল অবৈধ উইংস কাফ সিরাপসহ মো. হাবিবুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, এসআই রকি মণ্ডলের নেতৃত্বে একটি দল জামতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহিষাকুড়া দক্ষিণপাড়ার একটি মৎস্য খামারের মোটরঘরের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২০ বোতল উইংস কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হাবিবুর রহমান বেনাপোল পোর্ট থানার খলসী (বাজারপাড়া) গ্রামের রমজান আলীর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।