শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে ডেঙ্গুতে আক্রান্ত যুবককে বাঁচানো যায়নি

❒ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে প্রাণ হারান সোহেল

প্রকাশ : সোমবার, ৬ জুলাই , ২০২৬, ১২:১৪:০০ পিএম
সুনীল ঘোষ:
Shornolota_2026-07-06_6a4b690d0fa62.JPG

❒ ফাইল ছবি:

যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোহেল অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ এলাকার সৌদি প্রবাসী জুয়েল হোসেনের ছেলে।
 
পারিবারিক সূত্র জানায়, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে সোহেল তীব্র জ্বরে ভুগছিলেন। ঢাকা থেকে বাড়ি ফেরার পর তিনি প্রথমে নওয়াপাড়া বাজারের এক ব্যক্তিগত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে চিকিৎসকের কাছে ডেঙ্গুর উপসর্গ ধরা পড়লে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে শুরুতে হাসপাতালে ভর্তি না করায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
 
পরবর্তীতে শুক্রবার দুপুরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। তবে স্বজনরা তাকে প্রথমে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করেন। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল ডেঙ্গুর উপসর্গ নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। বর্তমানে পরিবেশ ও আবহাওয়ার কারণে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। তাই জ্বর বা ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা করানোর আহ্বান জানান তিনি।
 
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে আতঙ্কিত না হয়ে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।
 
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, হাসপাতালে আনার আগেই সোহেল কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। যথাসময়ে হাসপাতালে ভর্তি না হওয়ায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও স্বজনরা খুলনায় নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
 
এদিকে, যশোর সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। তবে অভয়নগর উপজেলা থেকে সময়মতো প্রতিবেদন না পৌঁছানোয় ২৪ ঘণ্টার সরকারি তালিকায় এই মৃত্যুর তথ্যটি এখনো যুক্ত হয়নি।
 
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ভর্তি আছেন। যশোর জেনারেল হাসপাতালসহ জেলার অন্যান্য সরকারি হাসপাতালে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
 
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সর্বশেষ হিসাব পর্যন্ত যশোর জেলায় মোট ১৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝