| শিরোনাম |
❒ ব্রাজিলের জয়োল্লাস ছবি:
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে জাপানের বিপক্ষে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয়ের পরও স্বস্তিতে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কারণ, ম্যাচেই চোট পেয়েছেন দলের দুই অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকুয়েতা ও কাসেমিরো।
সোমবার (২৯ জুন) রাতে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। তবে প্রথমার্ধের শেষ দিকে অস্বস্তি অনুভব করেন পাকুয়েতা। বিরতির পর মাঠে ফিরলেও তাকে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। ঝুঁকি এড়াতে দ্রুত সিদ্ধান্ত নেন কোচ কার্লো আনচেলত্তি। পাকুয়েতার বদলে মাঠে নামানো হয় তরুণ ফরোয়ার্ড এনড্রিক-কে।
ম্যাচ শেষে বেঞ্চে বসে পাকুয়েতার পায়ে বরফের থেরাপি দিতে দেখা যায়। তার উদ্বিগ্ন মুখভঙ্গি নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে ব্রাজিল শিবিরে। এরপর দ্বিতীয় ধাক্কা আসে যোগ করা সময়ে। ম্যাচে সমতাসূচক গোল করা কাসেমিরো কুঁচকিতে ব্যথা পেয়ে মাঠে পড়ে যান। প্রাথমিক চিকিৎসার পরও খেলা চালিয়ে যেতে না পারায় তাকে তুলে নেওয়া হয়। তার জায়গায় মাঠে নামেন ফ্যাবিনিও।
যদিও ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপনে হাসিখুশি দেখা গেছে কাসেমিরোকে, তবু তার চোটের অবস্থা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলছে না ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। আগামী ৬ জুলাই কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্ট বা নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। তবে তার আগে সবচেয়ে বড় প্রশ্ন—মাঝমাঠের দুই ভরসা পাকুয়েতা ও কাসেমিরো সময়মতো ফিরতে পারবেন তো?