| শিরোনাম |
❒ দুগ্ধ উৎপাদনে চৌগাছার ১শ খামারি পেলেন ঋণের চেক ছবি:
যশোরের চৌগাছাকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ১০০ জন খামারির হাতে ঋণের চেক তুলে দিয়েছে সমবায় অধিদপ্তর। দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত দুটি সমবায় সমিতির সদস্যরা এই ঋণ সুবিধা পেয়েছেন।
রোববার (২৮ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কয়ারপাড়া দুগ্ধ সমবায় সমিতি ও মাকাপুর দুগ্ধ সমবায় সমিতির সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক ও উপ-নিবন্ধক (নিরীক্ষা-১) শেখ ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
চৌগাছা উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাহ উদ্দীন, উপজেলা বন কর্মকর্তা ফেরদৌস খান এবং প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে দুটি সমবায় সমিতির ১০০ জন সদস্যের প্রত্যেককে এক লাখ ৬০ হাজার টাকা করে ঋণের চেক দেওয়া হয়। একই সঙ্গে সুবিধাভোগীদের জানানো হয়, ১৫ দিনের মধ্যে গরু কিনে তার ছবি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়নপত্র জমা দেওয়ার পর গরুর খাদ্য কেনার জন্য বাকি ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হবে।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, ঋণ গ্রহণের এক বছর পর থেকে কিস্তি পরিশোধ শুরু হবে। পরবর্তী দুই বছরে মোট ২৯টি কিস্তির মাধ্যমে নামমাত্র সুদে ঋণের অর্থ পরিশোধ করতে হবে।