| শিরোনাম |
❒ অভিযুক্ত কালু নিহতের মামাতো ভাই
মেহেরপুর শহরের শেখপাড়ায় স্ত্রীর চোখের সামনে গোলাম হোসেন (৪৫) নামের এক রিকশাচালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই মামাতো ভাই। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন একই এলাকার রেহেসানের ছেলে। অভিযুক্ত কালু ওই এলাকার আকুব্বারের ছেলে এবং নিহতের মামাতো ভাই।
নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, গোলাম হোসেন সন্ধ্যার পর বাড়িতে ফিরে গোসল করছিলেন। এ সময় হঠাৎ করে কালু পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।