| শিরোনাম |
❒ মাগুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধন ছবি:
তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণে মাগুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
সারাদেশের মতো এই কর্মসূচির জাতীয় উদ্বোধন এদিন সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে আটটি ভিন্ন ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করার বিকল্প নেই। এই আয়োজন শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে এবং ভবিষ্যতে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শিশুদের সার্বিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে প্রত্যন্ত অঞ্চলের মেধাবীরাও নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের বলেন, সরকারের এই সময়োপযোগী উদ্যোগ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমেই মাগুরা থেকে আগামী দিনের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ উঠে আসবে।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগ্রহী শিক্ষার্থীরা ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছে। বাছাই প্রক্রিয়া শেষে সেরা প্রতিভাদের জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। অনুষ্ঠানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সদস্য মো. আব্দুর রহিমসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।