| শিরোনাম |
❒ বেনাপোলে লোহার শিটে চাপা পড়ে প্রাণ হারালেন শ্রমিক ছবি:
বেনাপোল স্থলবন্দরে ট্রাক থেকে পণ্য নামানোর সময় এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থলবন্দরের টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার শিট বাংলাদেশি ট্রাকে আনলোড করা হচ্ছিল। সে সময় লোহার শিটের নিচে চাপা পড়ে শাহজাহান আলী (৫৬) ও শোয়েব আলী (৫২) নামে দুই শ্রমিক মারাত্মক আহত হন। সহযোগী শ্রমিকরা তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শাহাজান আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহজাহান বেনাপোল পোর্ট থানাধীন পাঠবাড়ি গ্রামের আফতাব উদ্দিন ভোনার ছেলে এবং আহত শোয়েব একই থানাধীন সাদিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তারা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৮৯১-এর সদস্য।
শার্শা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইব্রাহিম বলেন, ‘বেনাপোল স্থলবন্দরে কর্মরত দুই আহত শ্রমিককে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে আনা হয়। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় শাহজাহান নামে একজন হাসপাতালে আনার পথেই মারা গেছেন।’
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন, ‘ভারত থেকে আমদানি করা মোটা ধরনের লোহার শিট ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় দুর্ঘটনাবশত দুই শ্রমিক চাপা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।’