| শিরোনাম |
❒ রিমাণ্ড আবেদন নাকচ
❒ সাবেক স্পিকার শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ছবি:
ঢাকায় ভোরে গ্রেফতার, দুপুরে আদালতে হাজির—শেষ পর্যন্ত রিমান্ড আবেদন নামঞ্জুর করে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর লালবাগ থানার আশরাফুল ওরফে ফাহিমকে হত্যাচেষ্টা মামলায় এ আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহসিন উদ্দিন আদালতে হাজির করে শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বেলা ১টা ৫৫ মিনিটে তাকে পুরান ঢাকার সিএমএম আদালতে তোলা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় চলমান আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে আশরাফুল ওরফে ফাহিমের চোখে গুলি লাগে।
এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১১৫-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী আশরাফুল।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা আত্মগোপনে চলে যান। এ সময় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কেউ কেউ গ্রেপ্তার হলেও ড. শিরীন শারমিন চৌধুরী এতদিন প্রকাশ্যে আসেননি। এমনকি অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি।