| শিরোনাম |
❒ নির্বাচনী প্রচারণার প্রথমদিনেই জনতার ঢল, পাড়া-মহল্লায় প্রচারের অগ্রভাগে রয়েছে নারী কর্মীরা
❒ যশোরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণার প্রথমদিনেই জনতার ঢল ছবি:
বৃটিশ ভারতের প্রথম জেলা হিসেবে যশোর শুধু প্রশাসনিক ইতিহাসেই নয়, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতির নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবেও সুপ্রতিষ্ঠিত। খুলনা বিভাগ ও সমগ্র দক্ষিণাঞ্চলের রাজনীতির গতিপথ বহুবার নির্ধারিত হয়েছে এই যশোর সদর থেকেই। ইতিহাস সাক্ষ্য দেয়—বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় গেছে, প্রতিবারই বিভাগীয় শহর খুলনা থেকে কেউ মন্ত্রী হতে না পারলেও যশোর সদর থেকে প্রয়াত তরিকুল ইসলাম জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন মন্ত্রিত্বের মাধ্যমে। সেই ঐতিহাসিক রাজনৈতিক উত্তরাধিকারের ধারাবাহিকতায় এবার যশোর সদর-৩ আসনে নির্বাচনী প্রচারণার প্রথমদিনেই ব্যাপক জনসমর্থন নিয়ে মাঠে নেমেছেন ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচারণা শুরু হয়। শুরুতেই বিভিন্ন পাড়া-মহল্লায় জমে ওঠে গণসংযোগ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ প্রচারণায় নতুন গতি, শক্তি ও রাজনৈতিক বার্তা যোগ করেছে।
আরবপুর ইউনিয়নে আয়োজিত একাধিক পথসভায় বক্তব্যকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার রাজনীতির মূল অঙ্গীকার। আমি দৃঢ়ভাবে বলতে চাই—এই যশোরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করেই ছাড়ব। এর জন্য প্রয়োজন জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা। আমরা সবাই মিলে শুধু যশোর নয়, পুরো বাংলাদেশকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করব।
তিনি বলেন, এই যশোরে কোনো মাদক ব্যবসায়ী কিংবা সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যদি আমার নিজের দলেরও হয়, তার জায়গা বিএনপিতে হবে না। এখানে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় চলবে না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের নামে মানুষকে বিভক্ত করার রাজনীতি আমরা প্রত্যাখ্যান করি। অতীতে যে বিভাজনের রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছে, তা থেকে যশোরবাসী মুক্তি চায়।
ধানের শীষের এই প্রার্থী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মতো যশোরকেও নতুনভাবে গড়ে তুলতে চাই। এমন একটি যশোর গড়ব, যেখানে জনগণের বিপক্ষে দাঁড়ানোর সাহস কেউ আর পাবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, তার জন্য এই যশোরে কোনো জায়গা থাকবে না।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই আমরা একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করছি। বিএনপি যতবার সরকার গঠন করেছে, ততবারই আমার বাবা প্রয়াত তরিকুল ইসলাম মন্ত্রী হিসেবে যেভাবে যশোরের উন্নয়নে নিরলস পরিশ্রম করেছেন, তা আজও মানুষের মুখে মুখে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে যশোরের প্রতিটি খাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নের চাকা সচল করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি বৈষম্যহীন, নিরাপদ ও উন্নত যশোর গড়ে তোলা হবে।
পরে অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলার সুজলপুর ঋষিপাড়ায় আরেকটি পথসভায় বক্তব্য দেন। সেখানেও নারী কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে প্রচারণা উৎসবমুখর হয়ে ওঠে।