| শিরোনাম |
❒ র্যাব-৬ যশোরের একটি বিশেষ দলের অভিযান
❒ চুড়ামনকাঠির সাজাপ্রাপ্ত আসামি দাউদ ইব্রাহিম গ্রেফতার ছবি:
মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দাউদ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোরের একটি বিশেষ দল। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় তার খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক দাউদ ইব্রাহিম চুড়ামনকাটি গ্রামের বাসিন্দা এবং দবির উদ্দিনের ছেলে।
তিনি আরও জানান, দাউদ ইব্রাহিম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে- দাউদ ইব্রাহিম চুড়ামনকাটিতে তার খালার বাড়িতে অবস্থান করছেন। তথ্যের সত্যতা যাচাই শেষে তাৎক্ষণিকভাবে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত দাউদ ইব্রাহিমকে আইনের আওতায় এনে বিচারের রায় কার্যকরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযানের মাধ্যমে মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে র্যাব-৬ যশোর।