| শিরোনাম |
❒ নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যা
❒ নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ মিছিল ছবি:
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের ধর্মতলার মোড়ে নয়াগণতান্ত্রিক গণমর্চা ও জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাহিদুল ইসলাম। বক্তব্য দেন-কম. খবির শিকদার, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মো. রফিকুল ইসলাম, মিলন বিশ্বাস, জামশেদ আলী প্রমুখ বামপন্থী নেতা।
নেতারা অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকারও পূর্ববর্তী সরকারগুলোর মতো শ্রমিকবিরোধী ও গণবিরোধী চরিত্র প্রকাশ করছে। শ্রমিকদের ন্যায্য দাবি–দাওয়ার আন্দোলনে গুলি চালিয়ে হাবিবুর রহমানকে হত্যা করা হয়েছে—এটি এক নির্মম রাষ্ট্রীয় সন্ত্রাস। এই হত্যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না।”
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন ও চেতনায় জনগণ লড়াই করেছিল, বর্তমান দমন–পীড়ন নীতির মাধ্যমে সরকার তার সাথে বিশ্বাসঘাতকতা করছে।
বক্তারা শ্রমিক হত্যার বিচার, আহত শ্রমিকদের চিকিৎসার নিশ্চয়তা, ছাঁটাই–নোটিশ বাতিল এবং শ্রমিক আন্দোলনের ওপর দমননীতি বন্ধের দাবি জানান।
যশোরের বামপন্থী নেতারা দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি গড়ে তোলার আহ্বান জানান এবং শ্রমিক–জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের গণবিরোধী শাসন প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।